ইরানের তেলসম্পদ এবং ‘অর্থনীতির মেরুদণ্ড’ হিসেবে পরিচিত খার্গ দ্বীপ দখলের বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান থেকে তেল নেওয়ার বিষয়টি তার কাছে আকর্ষণীয় হলেও এটি শুরু করলে যুক্তরাষ্ট্রের ভেতরেই সমালোচনা হতে পারে।
খার্গ দ্বীপ দখলের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাইলে দ্বীপটির দখল নিতে পারে, আবার না-ও নিতে পারে। এমনকি দখল নেওয়ার পর সেখানে কিছু সময় অবস্থান করার বিষয়টিও বিকল্প হিসেবে রয়েছে।
দ্বীপটির প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে প্রশ্নের জবাবে ট্রাম্প দাবি করেন, খার্গ দ্বীপে ইরানের কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা নেই এবং যুক্তরাষ্ট্র সহজেই এর নিয়ন্ত্রণ নিতে সক্ষম।
উল্লেখ্য, পারস্য উপসাগরে অবস্থিত খার্গ দ্বীপ ইরানের জ্বালানি বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। দেশটির অধিকাংশ অপরিশোধিত তেল ও গ্যাস এই দ্বীপ থেকেই রপ্তানি করা হয়, ফলে কৌশলগতভাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডেস্ক নিউজ 





















