ফার্স্টনিউজ ডেস্ক
রাজধানীর বনশ্রী এলাকায় একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এতে দু’জন গুরুতর আহত হয়েছেন। আজ রবিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। তারা হলেন অটোরিকশাচালক (৩৫) ও যাত্রী ফাতেমা আক্তার (৪০)। আহতরা হলেন নিহত ফাতেমা আক্তারের দুই ছেলে শাকিব (১৭) ও শাকির (৮)। বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার পরিদর্শক(তদন্ত) সুজিত কুমার সাহা।
সুজিত কুমার জানান, বনশ্রীর ফেমাস হাসপাতালের সামনে সিএনজিচালিত অটোরিকশা ও অছিম পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক মারা যায়। আহত একই পরিবারের তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ফাতেমা আক্তারের মৃত্যু হয়। এ ঘটনায় বাস জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) বাচ্চু মিয়া বলেন, জানতে পেরেছি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে উত্তরায় বোনের বাসায় যাচ্ছিলেন নিহত ফাতেমা আক্তার। বনশ্রীতে একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোরিকশার চালক মারা যায়। তিনজনকে ঢাকা মেডিকেলে নেয়া হলে ফাতেমা আক্তারও মারা যায়। চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, নিহত ফাতেমা আক্তারের দুই ছেলের অবস্থাও আশঙ্কাজনক।
Reporter Name 



















