রাজধানীর সাতটি গুরুত্বপূর্ণ ফিলিং স্টেশনে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাশ’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের আইসিটি শাখা গত সোমবার (২০ এপ্রিল) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।
নির্দেশনায় বলা হয়, জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে স্বচ্ছ, আধুনিক ও শৃঙ্খলাবদ্ধ করতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাশ’ অ্যাপ চালু করেছে। প্রাথমিকভাবে মোটরসাইকেল চালকদের জ্বালানি সরবরাহে এই অ্যাপ ব্যবহারের জন্য সাতটি ফিলিং স্টেশনে পাইলট কার্যক্রম সম্পন্ন হয়।
এর পরিপ্রেক্ষিতে ২১ এপ্রিল থেকে এসব ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের জ্বালানি নিতে ‘ফুয়েল পাশ’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
যেসব পাম্পে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে, সেগুলো হলো— আসাদ গেটের সোনার বাংলা সার্ভিস স্টেশন, তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জের নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার, মিরপুর দারুস সালামের খালেক সার্ভিস স্টেশন এবং আসাদগেটের তালুকদার ফিলিং স্টেশন।
ডেস্ক নিউজ 
























