সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। বুধবার (৫ আগস্ট) ভোর থেকেই দেশের বিভিন্ন জেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া ও মোনাজাত, শোভাযাত্রা, আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পাবনায় সকাল সাড়ে ৭টায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি-বেসরকারি দফতর, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহিদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন সংগঠনের উদ্যোগে র্যালি বের করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। সকালে সিনেট ভবনে জুলাই আলোকচিত্র প্রদর্শনী ও প্রামাণ্যচিত্রের উদ্বোধন করা হয়। পরে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে শোভাযাত্রা ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। পাশাপাশি বৃক্ষরোপণ, আর্ট ক্যাম্প ও আলোচনা সভার আয়োজন করা হয়।
কিশোরগঞ্জে ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
কুষ্টিয়ায় আবরার ফাহাদ স্টেডিয়ামে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
নওগাঁয় শহরের মুক্তির মোড়ে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি-বেসরকারি দফতর, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং শহিদ পরিবারের সদস্যরা অংশ নেন।
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, বেলুন ও পায়রা উড্ডয়ন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের হলগুলোতে বিশেষ খাবারেরও আয়োজন করা হয়।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আলোচনা সভা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
যশোরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আলোচনা সভা ও জুলাই যোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হয়। শার্শায় শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, শহিদ আব্দুল্লাহর কবর জিয়ারত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ীতে শহরের শ্রীপুরে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন, জুলাই পরিবার ও জুলাই যোদ্ধা, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত এবং পৌরসভার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত এবং শহিদদের স্মরণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
খুলনায় ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়। সকালে শিববাড়ি জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, স্বেচ্ছায় রক্তদান, শহিদ শেখ সাকিব রায়হানের কবর জিয়ারত, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এছাড়া আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এভাবে দেশের বিভিন্ন জেলা, বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণ এবং দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।
ডেস্ক নিউজ 



















