বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পর থেকেই সীমান্তঘেঁষা বিভিন্ন জেলার প্রশাসন মাঠপর্যায়ে জরিপ কাজ শুরু করেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স-এর সঙ্গে সমন্বয় করে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। খবর টেলিগ্রাফের।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকানোকে কেন্দ্র করে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ ছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের জানান, সীমান্তে বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, প্রথম মন্ত্রিসভার বৈঠকেই জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এখন থেকেই আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
এরই মধ্যে বসিরহাট পুলিশ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএসএফের সঙ্গে যৌথভাবে স্বরূপনগর থেকে হিঙ্গলগঞ্জের সমসেরনগর পর্যন্ত সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। বিএসএফ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এই অঞ্চলের সীমান্ত প্রায় ৯৬ কিলোমিটার দীর্ঘ, যার একটি বড় অংশ নদীবিধৌত এবং কিছু অংশ স্থলসীমান্ত। স্থলসীমান্তের একটি অংশ এখনো অরক্ষিত রয়েছে বলে জানানো হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, সীমান্ত এলাকায় জমির প্রয়োজনীয়তা নির্ধারণ করে একটি প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে, যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এরপর জমি হস্তান্তরের চূড়ান্ত প্রক্রিয়া শুরু হবে।
নদীয়া, মুর্শিদাবাদ, মালদাসহ অন্যান্য সীমান্তবর্তী জেলাতেও একই ধরনের জরিপ কার্যক্রম চলছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো জেলা প্রশাসন বা বিএসএফের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ডেস্ক নিউজ 























