ফার্স্টনিউজ ডেস্ক
পৌষ মাস এলেও দেশের কোথাও সেভাবে শীত জেঁকে বসেনি। তবে আগামী সোমবার পৌষের পঞ্চম দিন শেষেই তাপমাত্রা কমতে শুরু করবে। আবহাওয়া অধিদপ্তর এমন বার্তাই দিয়েছে। একই সঙ্গে জানিয়েছে, দিন দুয়েকের ব্যবধানেই তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে।
দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড় দু’দিন ধরে শীতে জবুথবু। শুক্রবার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু’দিনে তাপমাত্রা আরও কমে উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে- এমনটা জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়াবিদ শরিফুল নেওয়াজ কবিরবলেন, ‘সাগর মোটামুটি শান্ত। এই মুহূর্তে সাগরে কোনো ধরনের লঘুচাপের পূর্বাভাস নেই। ২০ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা বর্তমানের মতোই থাকবে বলা যায়। এরপর রাতের তাপমাত্রা কমতে পারে। দিনের তাপমাত্রা খুব কম কমবে। তবে এই পরিবর্তনটা অল্প সময়ের জন্য। দিন দুয়েক ব্যবধানে তাপমাত্রা কিছুটা বেড়ে বর্তমানের অবস্থানে ফিরে আসতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপবলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
Reporter Name 

























