বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চার দিনের সফরে দেশের উত্তরাঞ্চলের নয়টি জেলা পরিদর্শনে যাচ্ছেন। আগামী ১১ জানুয়ারি সফর শুরু হয়ে শেষ হবে ১৪ জানুয়ারি। এই সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে চিঠি দিয়েছে বিএনপি।
বুধবার ৭ জানুয়ারি বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশ নেওয়ার উদ্দেশ্যে এই সফরের আয়োজন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সফরকালে তারেক রহমান নির্বাচন কমিশনের ঘোষিত নির্বাচনী আচরণবিধি পুরোপুরি অনুসরণ করবেন এবং কোনোভাবেই আচরণবিধি লঙ্ঘন করবেন না।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সফরের প্রথম দিন ১১ জানুয়ারি ঢাকায় কর্মসূচি শেষে তিনি গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে তিনি বগুড়ায় পৌঁছাবেন। ১২ জানুয়ারি বগুড়া থেকে সফর শুরু করে তিনি রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন। একই দিনে রংপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করার কর্মসূচি রয়েছে।
১৩ জানুয়ারি পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সফরের শেষ দিন ১৪ জানুয়ারি তিনি রংপুর ও বগুড়ায় আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে।
এ সময় তারেক রহমান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ ও তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা এবং গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করবেন। পাশাপাশি তিনি তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।
ব্রেকিং :
৪ দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান, নিরাপত্তা চেয়ে চিঠি
-
ডেস্ক নিউজ - Update Time : ০২:১৭:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- 220
Tag :
জনপ্রিয়






















