জ্বালানি তেল মজুতের অপচেষ্টা প্রতিরোধ, তেল বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে দেশের বিভিন্ন ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়ন করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
মধ্যপ্রাচ্যে চলমান সংকটের পরিপ্রেক্ষিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় অননুমোদিতভাবে তেল মজুতের চেষ্টা বেড়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি এসব ডিপোর নিরাপত্তা নিশ্চিত করছে।
ডিপোর নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সদর দপ্তরের তত্ত্বাবধানে মোতায়ন কার্যক্রম একটি সুপরিকল্পিত কাঠামোর আওতায় পরিচালিত হচ্ছে। দূরবর্তী স্থানে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে সদস্যরা দায়িত্ব পালন করছে।
গত ২৫ মার্চ থেকে ঢাকা জেলায় ১টি, কুড়িগ্রাম ২টি, রংপুর ৩টি, রাজশাহী ৩টি, সিলেট ২টি, মৌলভীবাজার ৩টি, কুমিল্লা ৩টি, ব্রাহ্মণবাড়িয়া ১টি এবং সুনামগঞ্জ ১টি ডিপোসহ সর্বমোট ৯ জেলায় ১৯টি ডিপোতে বিজিবি মোতায়ন করা হয়েছে।
মোতায়েনকৃত সদস্যরা নিয়মিত তদারকি, প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার কঠোর বাস্তবায়নে দায়িত্ব পালন করছে। অবৈধ তেল মজুত ও বিক্রয় প্রতিরোধ, নাশকতা প্রতিরোধ এবং সীমান্ত দিয়ে তেল পাচার রোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকা ও আইসিপি/এলসিপিতে নিয়মিত তল্লাশি পরিচালনা করা হচ্ছে।
বিজিবি সংশ্লিষ্ট ডিপো এলাকায় দৃশ্যমান উপস্থিতি নিশ্চিত করে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং জনমনে আস্থা বৃদ্ধিতে কাজ করছে।
ডেস্ক নিউজ 


















