ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করায় কলেজ শিক্ষক প্রণব ঘোষকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদকঃ সনাতন ধর্মাবলম্বী হয়েও মসজিদে জমি দান করে ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাজি আজহার আলি কালেজের সহকারী অধ্যাপক প্রণব কুমার ঘোষ । সোমবার এ অনবদ্য প্রসংশনীয় কাজের জন্য কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার কলেজ সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেন দাড়িয়া। শিক্ষকবৃন্দের মধ্যে বক্তৃতা করেন উপাধ্যক্ষ হাওলাদার মুজিবুর রহমান, মাহফুজা খানম, হাবিবা কুমকুম, প্রসেন কুমার বিশ্বাস, মোঃ মনজুরুল ইসলাম, আব্দুল হালিম, আবুল আহসান টিটু, মল্লিক আবু মূসা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন তপন কান্তি দাস। অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে প্রণব কুমার ঘোষকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেন দাড়িয়া বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ হলেও বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মসজিদে জমি দান করে ধর্মীয় সম্প্রীতির বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন সহকারী অধ্যাপক প্রণব কুমার ঘোষ। তাঁর এই মহৎ উদ্যোগ ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে অনুকরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, কাজি আজহার আলি কলেজের সহকারী অধ্যাপক প্রণব কুমার ঘোষ ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মুসলিমদের নামাজ পড়ার মসজিদের জন্য প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ৩৫ শতক জমি দান করেছেন।
Reporter Name 



















