খুলনা অফিসঃ
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ৩ জুন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন শিবনগর গুলশান মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ সক্রিয় চাঁদাবাজ দলের সদস্যদের আটক করেছে।
র্যাব-৬ থেকে জানা যায়, গতকাল ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার শিব নগর এলাকায় স্থানীয় সংঘবদ্ধ চাঁদাবাজ দলের সক্রিয় সদস্যগণ সাধারন মানুষকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন ও জোরপূর্বক চাঁদা উত্তোলন করেছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি রাত ৯টায় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন শিবনগর গুলশান মোড় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে আনাম হোসেন(৬০), মো. আলম(৫২). জাহিদুল ইসলাম(২৯), সুকুমার অধিকারী(২৫) এবং মো. রিপন আলী(৩৬) কে আটক করা হয়।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদের নিজ হেফাজত হতে ৫টি মোবাইল এবং চাঁদা উত্তোলনের নগদ ১৩ হাজার ৭শ টাকা উদ্ধারপূর্বক জব্দ করে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করত দ্রুত বিচার আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগ সাজসে বিভিন্ন পরিবহন থেকে সংঘবদ্ধভাবে ভয়ভীতি প্রদর্শন ও জনমনে আতংক সৃষ্টি করে জোরপূর্বক এক ধরনের অবৈধ নামমাত্র রশিদ দিয়ে চাঁদা উত্তোলন করে আসছে। আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উক্ত চাঁদাবাজির সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে।
খু/খা প্র/মতিউর রহমান/
Reporter Name 



















