নিরাপত্তার স্বার্থে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এলাকায় রাতে অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশের ক্ষেত্রে প্রত্যেককে আবশ্যিকভাবে পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান এবং একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা এখানকার বিভিন্ন ভবনের আদালত কক্ষে বিচারকাজ পরিচালনা করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি এবং মামলা পরিচালনায় নিয়োজিত আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
সম্প্রতি সুপ্রিম কোর্ট এলাকায় রাতে অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশের বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। এতে আদালত এলাকার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এ কারণে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে নিজেদের পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি প্রয়োজনে ওই সময়ে কেউ সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে জাতীয় পরিচয়পত্র বা দাপ্তরিক পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতাও কামনা করেছে প্রশাসন।
সূত্র: বাসস
ডেস্ক নিউজ 
























