একদিকে চলছে বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল, অন্যদিকে পাকিস্তানে চলছে পিএসএল। এর মাঝে অনেকটা আড়ালেই পর্দা উঠছে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের।
কাঁড়ি কাঁড়ি টাকার আলোর রোশনাইয়ে যেন অনেকটা ঢাকা পড়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার এই সিরিজ। এমনকি সাদা পোশাকের এই ম্যাচ সম্প্রচারেও রাজি নয় পরিচিত স্পোর্টস চ্যানেলগুলো।
সাম্প্রতিক সময়গুলোতে বাংলাদেশের হোম সিরিজ সম্প্রচারে টি-স্পোর্টস, গাজী টিভিকে দেখা যেতো। তবে সেটা হতো মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের সাথে বিসিবির চুক্তির মাধ্যমে।
কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২৪ সালের অক্টোবরে শেষ হওয়া সিরিজ দিয়েই সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। এরপর থেকে নতুন কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সাথে বোর্ডের আর চুক্তি হয়নি।
দু’ ম্যাচ টেস্ট সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি হয়নি এখনো। যার পেছনের কারণ প্রতিপক্ষ জিম্বাবুয়ে। কিছুটা দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলে বিজ্ঞাপন বাজার খুব একটা রমরমা হবে না।
এমন ভাবনায় এখনো আগ্রহ দেখায়নি কোনো চ্যানেল। এমন পরিস্থিতিতে শেষ, ভরসা হতে পারে রাষ্ট্রায়ত্ব টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ড। ফলে অনেকটাই কমে আসবে সম্প্রচার মান।
ডেস্ক নিউজ 
























