খুলনার রূপসার রাজাপুর এলাকায় তনুমা ঘোরামী (২৭) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘটেছে। এ ঘটনায় এলাকায় নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, তনুমা স্বামী দিপক মন্ডল (৩৫) ও ১০ বছরের একমাত্র সন্তানকে নিয়ে রূপসার রাজাপুর এলাকায় বসবাস করতেন। গত বৃহস্পতিবার তিনি খুলনা শহরে কেনাকাটা করতে বের হন এবং সেখান থেকে বাবার বাড়ি কয়রার হড্ডা গ্রামে যাওয়ার কথা ছিল। এ সময় তার সঙ্গে নগদ প্রায় ৩০ হাজার টাকা এবং ৫-৬ ভরি স্বর্ণালংকারও ছিল।
পরিবারের অন্যান্য সদস্য পূজার ছুটিতে লঞ্চযোগে গ্রামের বাড়িতে চলে গিয়েছিলেন। শুক্রবার রাতে রাজাপুর ঘাট থেকে দিপক মন্ডলকে ফোন করে তনুমার অসুস্থতার খবর দেন। এরপর রবিবার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তনুমার মৃত্যু হয়।
তনুমার মৃত্যু নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। এটি পরকীয়া জনিত ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে—সেই প্রশ্ন উঠেছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। এ বিষয়টি স্বামী দিপক মন্ডলই মূলত জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক 






















