আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও তিনি নিজে নির্বাচনে অংশ নেবেন না। তার ভাই এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম রোববার (২৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহবুব আলম জানান, মাহফুজ আলম এ ঘটনায় বিব্রত অবস্থায় রয়েছেন। তার সম্মতি ছাড়া আবেগতাড়িত হয়ে কেউ একজন তার নামে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি নিজেই মনোনয়নপত্র জমা দেবেন না এবং নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নেবেন না। মাহবুব আলম জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে তিনি নিজেই লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-১ আসন থেকে মাহফুজ ও মাহবুব আলম ছাড়াও মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সদ্য বিএনপিতে যোগ দেওয়া শাহাদাত হোসেন সেলিম, ইসলামী আন্দোলনের জাকির হোসেন পাটওয়ারী, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নাজমুল হাসান, জাতীয় পার্টির মাহমুদুর রহমান মাহমুদ, বাসদের মো. বিল্লাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. আল-আমিন, বাংলাদেশ মুসলিম লীগের রেজাউল করিম, বিএনপি নেতা হারুনুর রশিদ, গণঅধিকার পরিষদের মো. কাউছার আলম, স্বতন্ত্র এম এ আউয়াল, জাকির হোসেন, এনডিএমের আলমগীর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মিজানুর রহমান এবং স্বতন্ত্র এম এ গোফরান রয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ১১ ডিসেম্বর ঘোষণা করা হয়। ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
ডেস্ক নিউজ 




















