বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে কুমিল্লা এরিয়ায় একটি ব্যাপক মেডিকেল ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ০৬ জানুয়ারি ২০২৬ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত লাকসাম, রামগঞ্জ, চৌমুহনী, সোনাগাজী, হাজীগঞ্জ এবং নবীনগর এলাকায় এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
ক্যাম্পেইন চলাকালে মোট ৮,৬৯২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধপত্র প্রদান করা হয়। চিকিৎসা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ছিলেন ২,৩৯৬ জন, নারী ৩,৯৬৬ জন এবং শিশু ২,৩৩০ জন। সেনাবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক ও মেডিকেল টিমের তত্ত্বাবধানে রোগীদের সাধারণ স্বাস্থ্যসেবা, বিশেষজ্ঞ পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হয়।
এছাড়াও এই মেডিকেল ক্যাম্পেইনের আওতায় স্থানীয় অ্যানেস্থেশিয়ার মাধ্যমে মোট ২১টি সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়, যা সংশ্লিষ্ট এলাকাবাসীর জন্য বিশেষভাবে উপকারী হয়েছে। প্রত্যন্ত ও চিকিৎসাসেবাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ডেস্ক নিউজ 









