সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর করে সংসদে পাস হয়েছে সরকারি চাকরি (সংশোধন) বিল-২০২৬।
রোববার (০৫ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী বিলটি সংসদে উত্থাপন করেন। পরে তা পাস হয়।
‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল, ২০২৬’ শীর্ষক এই বিলের আওতায় সিভিল সার্ভিসের সব ক্যাডার এবং সিভিল সার্ভিসের আওতার বাইরে অন্যান্য সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।
এছাড়া স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ ও স্ব-শাসিত সংস্থাগুলোর ক্ষেত্রেও একই বয়সসীমা প্রযোজ্য হবে। তবে প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনীর চাকরিতে স্ব স্ব বিধিমালা বহাল থাকবে।
ডেস্ক নিউজ 






















