রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের শিশু মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও প্রতিষ্ঠানটির অন্যান্য শাখা স্বাভাবিকভাবে কার্যক্রম চালিয়ে যেতে পারবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল-এ হাম রোগের চিকিৎসাসংক্রান্ত নতুন ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অক্সিজেনের অভাবে আদ্-দ্বীন হাসপাতালের কয়েকজন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসক, নার্স ও হাসপাতাল প্রশাসনের দায়িত্বহীনতা ছিল এবং এর দায় হাসপাতাল কর্তৃপক্ষকেই নিতে হবে।
তিনি জানান, মগবাজার শাখার বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা শুধুমাত্র ওই প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। একই ব্র্যান্ডের অধীনে পরিচালিত অন্য হাসপাতাল বা স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো বিদ্যমান নিয়ম-কানুন মেনে চললে তাদের কার্যক্রম চালিয়ে যেতে কোনো বাধা নেই।
মন্ত্রী বলেন, তদন্তে অক্সিজেন সংকট ও দায়িত্বে অবহেলার কারণে শিশুদের প্রাণহানির বিষয়টি উঠে এসেছে। স্বাস্থ্যসেবা খাতে অবহেলা বা গাফিলতির কোনো সুযোগ নেই। রোগীর জীবন নিয়ে দায়িত্বহীন আচরণ করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আসতে হবে।
তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত সেবার মান এখনো পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি। এজন্য চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মীদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
একই অনুষ্ঠানে হাম প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় সংক্রামক রোগ মোকাবিলায় ইতিবাচক অগ্রগতি অর্জন সম্ভব হয়েছে। তবে জনস্বাস্থ্য সুরক্ষায় এ প্রচেষ্টা আরও জোরদার করতে হবে।
ডেস্ক নিউজ 




















