জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে বিক্ষোভ করেছেন সুশীল সমাজ, রাজনীতি ও বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিরা। স্থানীয় সময় বৃহস্পতিবারের এ বিক্ষোভ থেকে অস্কারজয়ী অভিনেত্রী সুসান সারানডনসহ অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ।
গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর হামলা এবং বেসামরিক মানুষের প্রাণহানির প্রতিবাদে বিক্ষোভকারীরা জাতিসংঘ সাধারণ পরিষদে নেতানিয়াহুর উপস্থিতির বিরোধিতা করেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্কারজয়ী অভিনেত্রী সুসান সারানডন ছাড়াও এমি পুরস্কারজয়ী অভিনেত্রী হান্নাহ আইনবিন্ডার, ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসীয় প্রার্থী দরিয়ালিজা অ্যাভিলা শেভালিয়ের এবং নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য চি ওসে রয়েছেন।
নেতানিয়াহুর ভাষণকে কেন্দ্র করে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে যখন বিক্ষোভ তীব্র হয়, তখন সাধারণ পরিষদ হলের ভেতরেও প্রতিবাদের ঘটনা ঘটে। নেতানিয়াহু বক্তব্য শুরু করার পর বিভিন্ন দেশের প্রতিনিধিদের একটি বড় অংশ প্রতিবাদ হিসেবে কক্ষ ছেড়ে বেরিয়ে যান।
এদিকে ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কাজ করা ইহুদি সংগঠন ‘জিউইশ ভয়েস ফর পিস’-এর আহ্বানে আয়োজিত বিক্ষোভে প্রায় দুইশ অধিকারকর্মী অংশ নেন। বিক্ষোভকারীদের অনেকের পরনে ছিল একই ধরনের সাদা টি-শার্ট। সেখানে যুদ্ধবিরোধী ও ফিলিস্তিনিদের পক্ষে বিভিন্ন বার্তা লেখা ছিল।
জাতিসংঘ ভবনের সামনের একটি গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করায় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ মাইকে ঘোষণা দিয়ে সড়ক ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেও বিক্ষোভকারীদের একটি অংশ সরে যেতে অস্বীকৃতি জানান। পরে তারা রাস্তায় বসে নেতানিয়াহুবিরোধী স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানিজে মোরাদিয়ানের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গাজায় চলমান পরিস্থিতির বিরুদ্ধে কথা বলাকে তিনি নাগরিক দায়িত্ব হিসেবে দেখছেন। তার দাবি, জাতিসংঘের মতো আন্তর্জাতিক মঞ্চ ব্যবহার করে সামরিক কর্মকাণ্ডের পক্ষে যুক্তি তুলে ধরার বিরোধিতা করা উচিত।
একপর্যায়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের ঘিরে ফেলেন। পুলিশের নির্দেশ অমান্য করে সড়কে অবস্থান নেওয়া ব্যক্তিদের একে একে আটক করা হয়। পরে তাদের হাত প্লাস্টিকের বন্ধনী দিয়ে বেঁধে প্রিজন ভ্যানে তোলা হয়।
আটকের সময়ও বিক্ষোভকারীরা প্রতিবাদ অব্যাহত রাখেন এবং নেতানিয়াহুর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
সূত্র: রয়টার্স
ডেস্ক নিউজ 





















