দেশের চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়নের মাধ্যমে চিকিৎসার জন্য বিদেশমুখিতা কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, আজকের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের হাত ধরেই দেশের মানুষ উন্নত চিকিৎসা দেশে পাবেন এবং চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা বন্ধ হবে।
শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। চিকিৎসাসেবার মানোন্নয়ন, জনবল বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে আধুনিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ চলছে। চিকিৎসকদের পেশাগত দক্ষতার পাশাপাশি মানবিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একজন চিকিৎসকের আন্তরিক আচরণও রোগীর কাছে ওষুধের মতো কার্যকর।
হাসপাতালের নিরাপত্তা জোরদারে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন করে আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্তের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
তিনি জানান, পাঁচ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, মিডওয়াইফসহ স্বাস্থ্য খাতের শূন্যপদ দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দিয়ে সারাদেশে এক লাখ হেলথ কেয়ারার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে ৮০ শতাংশ নারী হেলথ কেয়ারার পরিবারভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যপরামর্শ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবেন।
তিনি আরও বলেন, চলতি অর্থবছরে স্বাস্থ্যখাতে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা জিডিপির ১ দশমিক ২ শতাংশ। আগামী পাঁচ বছরে এ বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
চিকিৎসা ব্যয় কমাতে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ও ক্যানসার চিকিৎসার কিছু কাঁচামালের ওপর ভ্যাট ও কর কমানো বা প্রত্যাহার করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
এ ছাড়া দেশের সব উপজেলায় ৩১ ও ৫১ শয্যার হাসপাতাল পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করা, হাসপাতালগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপন এবং বরিশাল ও রাজশাহীসহ পাঁচটি শিশু হাসপাতাল দ্রুত চালুর উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
মেডিক্যাল বর্জ্য বিজ্ঞানসম্মতভাবে অপসারণ ও হাসপাতাল পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সবার প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
ডেস্ক নিউজ 


















