নোয়াখালী-২ (সেনবাগ) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমানকে মনোনয়ন দেওয়ার দাবিতে তৃণমূল নেতাকর্মীদের বিক্ষোভ-সমাবেশকে কেন্দ্র করে সাবেক সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের অশালীন ও করুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় সেনবাগ উপজেলা পরিষদের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সেনবাগ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
এর আগে বিকেলে সেনবাগ উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন সেলিম। সংবাদ সম্মেলনে উপজেলা, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে জানানো হয়, বিগত দিনে নোয়াখালী-২ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হওয়া ব্যক্তি সেনবাগে কোনো উল্লেখযোগ্য উন্নয়ন করেননি এবং দুঃসময়ে নেতাকর্মীদের পাশে দাঁড়াননি। অন্যদিকে গরীব-দুঃখী মানুষের নেতা হিসেবে পরিচিত কাজী মফিজুর রহমান দুর্দিনে সবসময় দলীয় নেতাকর্মীদের পাশে ছিলেন। উন্নয়ন বঞ্চিত সেনবাগের মানুষ পরিবর্তন চায়—এ দাবি জানাতে তৃণমূল নেতাকর্মীরা মিছিল-সমাবেশ করলে জয়নুল আবেদিন ফারুক তাদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেন।
বক্তব্যে আরও বলা হয়, সেনবাগের তৃণমূল বিএনপি নেতাকর্মীদের প্রাণের দাবি—ঘোষিত মনোনয়ন পরিবর্তন করে কাজী মফিজুর রহমানকে ধানের শীষের প্রার্থী করা হোক। এ দাবি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের প্রতি জানানো হয়।
প্রসঙ্গত, গত ৩ নভেম্বর বিএনপির মনোনয়ন বোর্ড নোয়াখালী-২ সেনবাগ আসনে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুককে মনোনয়ন দেয়।
নোয়াখালী প্রতিনিধি 























