বিনোদন ডেস্ক
রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বায়োপিক। এর নাম ‘বঙ্গবন্ধু’ বলেই গণমাধ্যমে প্রকাশ হয়ে আসছে শুরু থেকে। তবে বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনে এসে বদল হলো এর নাম। ছবিটির নতুন নাম রাখা হয়েছে ‘মুজিব- একটি জাতির রূপকার’। আজ বৃহস্পতিবার এফডিসিতে ছবিটির পোস্টার লঞ্চিং অনুষ্ঠানে এমনটাই জানান সংশ্লিষ্টরা। এ সময় উপস্থিত ছিলেন ছবিটির নাম ভূমিকায় অভিনয় করা আরিফিন শুভ, এফডিসির এমডিসহ ছবির কলাকুশলীরা।
নাম পরিবর্তন প্রসঙ্গে বিএফডিসির এমডি নুজহাত ইয়াসমিন বলেন, ‘ওয়ার্কিং টাইটেল হিসেবে ‘বঙ্গবন্ধু’ নামটি ব্যবহার করা হয়েছে। তবে প্রথমেই জানানো হয়েছিল ছবিটির নাম পরিবর্তন হতে পারে। সেটাই হলো ‘মুজিব- একটি জাতির রূপকার’।
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় এই চলচ্চিত্র নির্মাণ করছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। ২০১৯ সালের মার্চে বাংলাদেশে ছবিটির দৃশ্যধারণ শুরুর কথা থাকলেও করোনাভাইরাস মহামারীর কবলে তা পিছিয়ে গত বছরের জানুয়ারিতে গড়ায়।
Reporter Name 

























