পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান। শেষ দেড় বছর ধরে তিনি দেশের বাইরে আছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আবার জাতীয় দলে খেলার সম্ভাবনা নেই বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর। তার মতে, অনুশোচনা না দেখালে সাকিবের ফিরতে পারার পথ বন্ধ।
২০২৪ সালের জুলাই বিপ্লবের পর দেশ ছাড়েন সাকিব। ভারত সফরের পর থেকে তিনি বাংলাদেশ দলের হয়ে আর খেলেননি।
দেশের একটি ক্রিকেটভিত্তিক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে আসিফ আকবর বলেন, সাকিব যদি অনুশোচনা না দেখান, তাহলে তার বাংলাদেশের হয়ে আবার খেলার সম্ভাবনা দেখেন না তিনি। বলেন, বর্তমান আচরণে পরিবর্তন না এলে তিনিও চান না সাকিব খেলুক।
তিনি আরও বলেন, ‘আপনি ২০০০ লোককে হত্যার পরে শহীদের ওপর দিয়ে এসে ক্রিকেট খেলবেন, এটা হবে না। যদি অনুশোচনা করেন, ক্ষমা চান, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। সাকিবকে আগের সাকিব আল হাসান হয়ে ফিরতে হবে।’
তবে সমালোচনার পরও সাকিবের প্রতি তার শ্রদ্ধা অটুট বলে জানান আসিফ। তার ভাষায়, ‘সাকিব আল হাসান একটা ব্র্যান্ড। এমন ক্রিকেটার ১০০ বছরেও বাংলাদেশে আসবে না।’
ডেস্ক নিউজ 




















