চলতি বছরের পুরস্কার মৌসুমে গোল্ডেন গ্লোব, বাফটা ও স্যাগ অ্যাওয়ার্ড জয়ের পর এবার অস্কারের মঞ্চেও বাজিমাত করলেন জেসি বাকলি। ক্লোয়ি ঝাও পরিচালিত ‘হ্যামনেট’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন তিনি। এই জয়ের মাধ্যমে অস্কারের ইতিহাসে প্রথম আইরিশ অভিনেত্রী হিসেবে সেরা অভিনেত্রীর ক্যাটাগরিতে নাম লেখালেন এই তারকা।
ম্যাগি ও’ফারেলের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত ‘হ্যামনেট’ সিনেমায় জেসি বাকলি বিশ্বখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের স্ত্রী অ্যাগনেস চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটিতে শেক্সপিয়ারের ১১ বছর বয়সী সন্তান হ্যামনেটের অকাল মৃত্যু এবং সেই শোককে কেন্দ্র করে পরিবারের মানসিকভাবে ভেঙে পড়ার করুণ দৃশ্যগুলো হৃদয়স্পর্শীভাবে ফুটিয়ে তুলেছেন তিনি।
সমালোচকদের মতে, সন্তানের মৃত্যুর শোক কীভাবে শেক্সপিয়ারের কালজয়ী নাটক ‘হ্যামলেট’-এর উৎস হতে পারে, তা বাকলির অভিনয়ের মাধ্যমে সফলভাবে তুলে ধরা হয়েছে।
আইরিশ এই অভিনেত্রীর অভিনয়জীবনের পথচলা শুরু হয় ২০০৮ সালে। বিবিসি ওয়ানের একটি প্রতিভা অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘আইড ডু এনিথিং’-এ রানার-আপ হওয়ার মাধ্যমে প্রথমবার আলোচনায় আসেন তিনি। এরপর ধীরে ধীরে চলচ্চিত্র ও মঞ্চ অভিনয়ে নিজের প্রতিভা প্রমাণ করে আন্তর্জাতিক অঙ্গনে শক্ত অবস্থান তৈরি করেন জেসি বাকলি।
ডেস্ক নিউজ 


















