সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করা হবে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
বৈঠকে প্রধান উপদেষ্টা কমিশনের সব ডকুমেন্ট, ছবি, অডিও ও ভিডিও সংরক্ষণের নির্দেশ দেন। তিনি বলেন, “এই দলিলগুলো ভবিষ্যতের ইতিহাস ও গবেষণার জন্য অমূল্য সম্পদ হবে।”
কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন দেশের স্থায়ী জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি গড়েছে। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিরাও আমাদের আলোচনায় অংশ নিয়ে সহায়তা করেছেন।”
কমিশন সদস্য বদিউল আলম মজুমদার বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে সরকারের সাহসী পদক্ষেপই হবে শহীদদের প্রতি শ্রদ্ধা।”
বিচারপতি এমদাদুল হক বলেন, “গণ-অভ্যুত্থানে যে ঐক্য দেখা গেছে, তা কমিশনের আলোচনাতেও প্রতিফলিত হয়েছে।”
কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ অক্টোবর। তবে সদস্যরা জানিয়েছেন, সরকারের প্রয়োজনে নাগরিক হিসেবে তারা ভবিষ্যতেও সহযোগিতা করবেন।
ডেস্ক নিউজ 

















