খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন সংগঠনটির নেতারা। তারা বলেছেন, যারা এ হামলার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মো. ইয়াহিয়া। তিনি জানান, এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা বলেন, ‘মঙ্গলবার কুয়েট ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল চলাকালে ছাত্রদল করতে আগ্রহী কয়েকজন শিক্ষার্থী পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন আন্দোলনকারীরা প্রথমে তাদের জেরা করেন এবং পরে তাদের ওপর হামলা চালান।’
তারা বলেন, হামলার শিকার এক শিক্ষার্থী পাশের একটি দোকানে আশ্রয় নিলে আন্দোলনকারীরা ওই দোকান মালিকের ওপরও হামলা চালান। এ ঘটনায় দোকান মালিকের পরিচিত কয়েকজন স্থানীয় ব্যক্তি কুয়েটের ভেতরে প্রবেশ করে পাল্টা হামলা চালান।’ তবে এই হামলায় যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান ছাত্রদল নেতারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের প্রতি প্রশ্ন তুলে তারা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটিও একটি রাজনৈতিক সংগঠন। তারা কিভাবে ক্যাম্পাসে অন্য কোনো রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবি করতে পারে? সাধারণ শিক্ষার্থীদের মধ্যে লুকিয়ে থাকা একটি গোপন সংগঠনের সদস্যরা দেশে ও ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরি করতে এসব ঘটনা ঘটিয়েছে।’
স্টাফ রিপোর্টার 






















