বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেন, বাংলাদেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাজ করবে।
বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র সরকার কোনো পক্ষ নয়। নির্বাচনের ফল নির্ধারণের অধিকার একমাত্র বাংলাদেশের জনগণের। জনগণ যাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রস্তুত।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন নিয়ে আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, আমি এই নির্বাচনের অপেক্ষায় আছি এবং এর ফলাফল দেখার জন্য মুখিয়ে আছি।
তিনি আরও বলেন, সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে তিনি আশা প্রকাশ করেছেন যে নির্বাচনের দিনটি উৎসবমুখর হবে। আমিও আশা করি, এটি একটি আনন্দময় ও উৎসবপূর্ণ নির্বাচন হবে, যেখানে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে গিয়ে তাদের মতামত প্রকাশ করতে পারবেন।
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনার বিষয়ে সন্তোষ প্রকাশ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, সিইসি যে তথ্যগুলো আমার সঙ্গে শেয়ার করেছেন, তাতে আমি অত্যন্ত সন্তুষ্ট। আপনাদের মতো আমিও ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফলের অপেক্ষায় রইলাম এবং আশা করি একটি অত্যন্ত সফল নির্বাচন সম্পন্ন হবে।
ডেস্ক নিউজ 









