স্পোর্টস ডেস্ক
পুরোপুরি ফিট না হয়ে বিপিএলে খেলায় মাশরাফি বিন মর্তুজার সমালোচনা করেছিলেন মোহাম্মদ আশরাফুল। তার মতে ‘আনফিট’ মাশরাফির অন্তর্ভুক্তিতে টুর্নামেন্টের মান কমছে। আশরাফুলের এমন মন্তব্যের সঙ্গে একমত সাবেক অধিনায়ক এবং বিসিবি পরিচালক আকরাম খান। তার মতে, নিজের কাজের প্রতি প্রতিটা ক্রিকেটারের সৎ থাকা উচিত। যদিও মাশরাফি নিজেও অকপটে স্বীকার করেছেন, ফিট না হয়ে বিপিএলের মতো আসরে ম্যাচ খেলাটা আদর্শ না।
মাস খানেক আগেও নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন মাশরাফি। বিপিএল শুরুর সপ্তাহ খানেক আগে যোগ দেন অনুশীলনে। তারপরও তার ফিটনেস নিয়ে যথেষ্ট প্রশ্ন ছিল। যার প্রমাণ মিলেছে প্রথম দুই ম্যাচেই। যেখানে এক ম্যাচে ছোট রানআপে বোলিং করলেও সর্বশেষ ম্যাচে বোলিং করারই সাহস দেখাননি মাশরাফি। মাশরাফিকে খেলানোর সমালোচনা করে আশরাফুল বলেছিলেন, ‘মালিকরা চাচ্ছে সে মাঠে দাঁড়িয়ে থাকুক। এটা আমার মনে হয় এই টুর্নামেন্টটাকে ছোট করা হচ্ছে। কারণ এই ধরণের টুর্নামেন্ট পুরো বিশ্বজুড়ে দেখছে।’ আরও যোগ করেন, ‘এখানে আমাদের আগামীর খেলোয়াড় আসবে। ছয়মাস পর আমাদের (টি-টোয়েন্টি) বিশ্বকাপ। তাদের (সিলেট স্ট্রাইকার্স) দলে কিন্তু রেজাউর রহমান রাজা বসে আছে। যার একটা সুযোগ ছিল এই টুর্নামেন্টে ভালো করলে বিশ্বকাপে সম্ভাবনা থাকত।’ মাশরাফির ফিটনেস নিয়ে কথা বলে দুইজনেরই জাতীয় দলের সতীর্থ সৈয়দ রাসেলের তীর্যক মন্তব্য শুনতে হয়েছিল আশরাফুলকে। যদিও বিসিবি নির্বাচক আকরাম খানের সমর্থন পেলেন অ্যাশ। দেশের একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে মাশরাফির নাম সরাসরি ইঙ্গিত না করে আকরাম খান বলেন, ‘অনেক খেলোয়াড় আছে আমরা দেখছি ফিট না, তারপরও ফ্র্যাঞ্চাইজিগুলো ওদেরকে খেলাচ্ছে। বিপিএল কিন্তু শুধু বাংলাদেশের ক্রিকেটারদের জন্য না, এটা কিন্তু পুরো বিশ্ব দেখছে। এগুলো কিন্তু তাদের চোখে পড়বে। তাতে আমাদের ইমেজ নষ্ট হচ্ছে। বিশ্বকাপে শুধু ভালো জার্সি পড়ে মাঠে নামলে হবে না, ভালো পারফর্মও করতে হবে। আপনাকে কিন্তু সবকিছুতেই সৎ থাকতে হবে।’ আকরাম আরও বলেন, ‘কিছু ভালো খেলোয়াড় কিন্তু বের হওয়ার কথা এই বিপিএল থেকে, সেটা কিন্তু আসছে না। সবার মধ্যেই কিন্তু বেসিক জিনিসটা আছে, তবে ওইভাবে কেউ বের হয়ে আসছে না।’ অবশ্য মাশরাফি নিজেও স্বীকার করেছেন ফিট না হয়ে খেলাটা আদর্শ না। তিনি বলেছিলেন, ‘সব জিনিস সব সময় ব্যাখ্যা করা যায় না। অবশ্যই আমি যেটা মনে করছি আদর্শ পরিস্থিতি না (খেলাটা)।’
ব্রেকিং :
মাশরাফি ইস্যুতে আশরাফুলকে সমর্থন আকরামের
-
Reporter Name - Update Time : ০৬:২৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
- 135
জনপ্রিয়


























