রাজধানীর একটি হাসপাতালে ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হয়েছে জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির। সফল অস্ত্রোপচার শেষে তিনি ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে ছিলেন এবং গত বৃহস্পতিবার বাড়ি ফেরেন।
বর্তমানে বাসায় থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সার্জারিটি সফল হয়েছে এবং অপারেশনের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
নির্মাতা সকাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “রোববারের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখেন। এখন তানিয়া আগের চেয়ে অনেকটা স্থিতিশীল এবং ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন।”
এর আগে, ১৪ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবর জানিয়ে তানিয়া বৃষ্টি পরবর্তী অস্ত্রোপচারের জন্য দোয়া প্রার্থনা করেছিলেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই মুহূর্তে তার সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং বা নতুন কাজের জন্য যোগাযোগ না করার অনুরোধ করা হয়েছে।
চিকিৎসা-পরবর্তী সময়টি ধীরে ও সতর্কতার সঙ্গে পার করছেন তানিয়া বৃষ্টি। পর্যাপ্ত বিশ্রামের পর আবার নিয়মিত কাজ শুরু করার আশা করা হচ্ছে।
ডেস্ক নিউজ 





















