বাংলাদেশে দুর্যোগকালীন যোগাযোগ, বৈজ্ঞানিক উদ্ভাবন, জনসেবামূলক কার্যক্রম এবং তরুণ প্রজন্মের প্রযুক্তি-নির্ভর দক্ষতা বিকাশে অগ্রণী ভূমিকা পালনকারী অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ARAB) নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২৬-২০২৮ মেয়াদের এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি সংগঠনের চলমান কার্যক্রমকে আরও গতিশীল ও প্রযুক্তি-সমৃদ্ধ করতে কাজ করবে।
কার্যনির্বাহী কমিটি (২০২৬-২০২৮)
সভাপতি : মির শাহ আলম
সহ-সভাপতি : এস, এম, জাহাঙ্গীর আলম
সাধারণ সম্পাদক : অনুপ কুমার ভৌমিক
সহকারী সাধারণ সম্পাদক : মো. রায়হান তুহিন
অর্থ সম্পাদক : তানজিম খান
সাংগঠনিক সম্পাদক : সাদিকুর রহমান
সদস্য : এস. এম. হায়েত আহমেদ
সদস্য : মাহমুদুর রহমান
সদস্য : তাসলিমা আক্তার
সদস্য : আসিফুর রহমান
সদস্য : মুহাম্মদ শাফায়েত হোসেন
নেতৃত্বের বক্তব্য
সভাপতি মীর শাহ আলম বলেন, আমাদের উদ্দেশ্য হলো এমন একটি শক্তিশালী জাতীয় রেডিও নেটওয়ার্ক গঠন করা, যা দেশের যেকোনো দুর্যোগে দ্রুত সাড়া দিতে পারে, প্রশাসন ও নাগরিকদের মধ্যে তথ্যপ্রবাহ বজায় রাখে, এবং জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে সহায়তা করে।”
সাধারণ সম্পাদক অনুপ কুমার ভৌমিক বলেন, আমরা তরুণ প্রজন্মকে প্রশিক্ষিত, দেশপ্রেমিক এবং প্রযুক্তি-সক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছি। ARAB দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বে প্রশিক্ষণ, রেডিও ক্যাম্প ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত করবে।
অর্থ সম্পাদক তানজিম খান বলেন, আমাদের কার্যক্রমকে টেকসই ও বৃহত্তর পরিসরে নিয়ে যেতে সরকারি ও বেসরকারি উভয় খাতের সহযোগিতা অপরিহার্য। দুর্যোগকালীন যোগাযোগে বিনিয়োগ মানে কেবল সেবা উন্নয়ন নয়, বরং একটি প্রস্তুত ও নিরাপদ বাংলাদেশ গঠনের বিনিয়োগ।
বর্তমানে সংগঠনটিতে পাঁচ শতাধিক নিবন্ধিত সদস্য রয়েছেন, যারা জাতীয় স্বার্থে যোগাযোগ, উদ্ভাবন ও প্রশিক্ষণ কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত আছেন। নতুন কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে ARAB আগামী বছরগুলোতে দুর্যোগ ব্যবস্থাপনা, যুব প্রশিক্ষণ এবং প্রযুক্তি-নির্ভর গবেষণায় আরও বিস্তৃতভাবে কাজ করবে।
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (ARAB) সংক্ষিপ্ত পরিচিতি
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ARAB) হলো বাংলাদেশের অ্যামেচার রেডিও অপারেটরগনের একমাত্র জাতীয় সংগঠন যা দেশের লাইসেন্সপ্রাপ্ত অ্যামেচার রেডিও অপারেটরদের প্রতিনিধিত্ব করে। এটি একটি অলাভজনক, স্বেচ্ছাসেবী ও গবেষণামূলক প্রতিষ্ঠান, যার উদ্দেশ্য হলো দেশের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতা প্রদান, এবং তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় উদ্বুদ্ধ করা।
প্রতিষ্ঠার পর থেকেই ARAB দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন ও বিদ্যুৎ বিভ্রাটের সময়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ সেবা প্রদান করে আসছে। বিশেষ করে ২০২৪ সালের ফেনী বন্যার সময়, যখন বিদ্যুৎ ও টেলিফোন নেটওয়ার্ক সম্পূর্ণ অচল হয়ে পড়ে, তখন ARAB সদস্যরা সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট ও জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে জীবনরক্ষাকারী বার্তা প্রেরণ, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং জরুরি সহায়তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
দুর্যোগকালীন সহায়তার পাশাপাশি সংগঠনটি নিয়মিতভাবে প্রশিক্ষণ, রেডিও ক্যাম্প, কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব কার্যক্রমে BTRC, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রেড ক্রিসেন্ট, স্কাউটস, BNCC এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
ARAB-এর অন্যতম লক্ষ্য হলো একটি ‘কমিউনিকেশন রেডিও বাংলাদেশ’ গঠন করা যেখানে যেকোনো দুর্যোগে যোগাযোগ বিচ্ছিন্নতা দূর করে দ্রুত তথ্য আদান-প্রদান ও সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে।
নিজস্ব প্রতিবেদক 









