প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জুলাই মাসের গণহত্যার মামলায় দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে বাংলাদেশের অনুরোধ ভারত বিবেচনা করছে। তবে প্রত্যর্পণের শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, তিনি বিশ্বাস করেন জুলাইয়ের ঘটনাবলির অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগ নেতৃত্বকে একদিন আদালতের মুখোমুখি হতে হবে। ভারত ইতোমধ্যে হাসিনার প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করছে।
তিনি আরও বলেন, আসাদুজ্জামান খান কামাল, যিনি ঢাকার কসাই হিসেবে পরিচিত, খুব শিগগিরই বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে প্রত্যর্পিত হবেন। হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে সংঘটিত অপরাধগুলো যত দিন যাচ্ছে ততই প্রকাশ্যে আসছে এবং গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা আন্তর্জাতিক গণমাধ্যমে আরও বেশি আলোচনায় উঠবে।
শফিকুল আলম লিখেছেন, কামাল বা অন্য আওয়ামী লীগ নেতারা যত অর্থই ব্যয় করুক না কেন, দায় চিরদিন এড়ানো সম্ভব হবে না। জাতি হিসেবে যদি আমরা জুলাইয়ের গণহত্যার শিকারদের জন্য এবং হাসিনা আমলের মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে দৃঢ় থাকি, তবে যারা এসব ঘটনার জন্য দায়ী তাদের পক্ষে পরিণতি এড়িয়ে যাওয়া কঠিন হবে। এটি শুরু হবে কামালকে দিয়ে, এরপর একে একে অন্যদের ক্ষেত্রেও একই প্রক্রিয়া চলবে।
ডেস্ক নিউজ 









