খুলনার খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের শিক্ষক-কর্মচারীরা নানা দাবি আদায়ে কর্মবিরতি কর্মসূচি শুরু করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল থেকে শিক্ষক-কর্মচারীরা এই কর্মবিরতি পালন শুরু করেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, নারীর শিক্ষার উন্নয়ন লক্ষ্য করে ২০১০ সালে খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করে। ২০১৫ সালে প্রথম এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৮৯% শিক্ষার্থী এ+ ও এ গ্রেডে উত্তীর্ণ হয়।
তবে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের ইনক্রিমেন্ট, বাড়ি ভাড়া, চাকরির নিশ্চয়তা ও বিভিন্ন আর্থিক সুবিধা নিয়ে জটিলতা দেখা দেয়। এসব দাবিতে শিক্ষক-কর্মচারীরা পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে কর্মবিরতি শুরু করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল থেকে কর্মবিরতি শুরু হয়েছে এবং বুধবার (২২ অক্টোবর) সকাল ৯টায় পুলিশ লাইনে মানববন্ধন অনুষ্ঠিত হবে। পাশাপাশি বুধবারই একটি ম্যানেজিং কমিটি গঠনের ঘোষণা দেওয়া হবে।
এছাড়া আগামী ২৩ অক্টোবরের মধ্যে দাবি পূরণের উদ্যোগ না নিলে, তারা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বলে সতর্ক করেছেন শিক্ষক-কর্মচারীরা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষা কার্যক্রম সচল রাখার স্বার্থে দ্রুত দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 






















