চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে তার বোন ফিরোজা পারভীন থানায় জিডি করেছেন। গত সোমবার ফিরোজা খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানায় এই জিডি করেন। জমি দখলের চেষ্টার অভিযোগে জিডি করা হয়েছে পপির বিরুদ্ধে। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জিডির কথা স্বীকার করে থানার এসআই গোলাম মোস্তফা সেটা তদন্ত করছেন বলে জানান ।
সোনাডাঙ্গা থানা সূত্রে জানা যায়, পৈতৃক জমি দখলের নেয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ পপি গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শিববাড়ি এলাকার ভাড়াটিয়া বাড়ির সামনে যান। এতে বাধা দিলে পপি ও তার স্বামী ফিরোজা পারভীনকে হুমকি দেন। পপি ও তার স্বামী বর্তমানে খুলনায় অবস্থান করছেন।
বিষয়টি নিয়ে পপির মা মরিয়ম বেগম গণমাধ্যমকে বলেন, আমার মেয়েটা আগে ভালোই ছিল। কিন্তু বিয়ের পর পাঁচ-ছয় বছর ধরে স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছে। তার বাবার জমি দখলের চেষ্টা করছে। আমাদের প্রতিনিয়ত হয়রানির মধ্যে রেখেছে। এই বয়সে আমরা কোথায় যাব।
পপির মেজো বোন ফিরোজা পারভীন বলেন, আমরা চার বোন, দুই ভাই। পপি সবার বড়। সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে অনেক বছর ধরেই। বাবার মৃত্যুর পর থেকেই তার দ্বারা আমরা হয়রানির শিকার হচ্ছি। পপি ছাড়া আমরা সবাই এক আছি। আগেও আমাদের ভয় দেখানো হয়েছে। পপি সবার জমি একাই দখল করতে চায়। স্বামীসহ পপি খুলনায় অবস্থান করছেন। আমাদের হত্যার হুমকিও দেওয়া হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।
জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা বলেন, বিষয়টি পপিদের পারিবারিক। সে কারণে দুই পক্ষকে ডেকে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মধ্য দিয়ে পর্দায় অভিষেক হয় সাদিকা পারভীন পপির। প্রথম সিনেমা দিয়ে সাফল্য পান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমায় কাজ করেছেন। এদিকে প্রায় চার বছর ধরে পর্দার অন্তরালে পপি। তবে এবার জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বামীকে নিয়ে পপির প্রকাশ্যে এলেন।
ব্রেকিং :
খুলনায় চিত্রনায়িকা পপির বিরুদ্ধে বোনের জিডি
-
ডেস্ক নিউজ - Update Time : ০৭:১৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
- 114
Tag :
জনপ্রিয়
























