খুলনা মহানগরীর লবণচরা থানাধীন সবুজ পল্লী এলাকায় স্বামীর হাতে এক গৃহবধূ খুন হয়েছেন। বৃহস্পতিবার সকালে ৪ নম্বর কাশেম সড়কে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত গৃহবধূর নাম ডলি বেগম (৪৫)। তিনি স্থানীয় মো. নাজমুল হাসান মোল্লার স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে সকালে নাজমুল হাসান মোল্লা ফল কাটার ছুরি দিয়ে স্ত্রী ডলি বেগমকে জবাই করে হত্যা করেন। পরে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় ডলিকে মাটিতে পড়ে থাকতে দেখেন।
ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক স্বামী নাজমুলকে ধরে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখেন এবং খবর দেন পুলিশকে। খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় এবং অভিযুক্ত স্বামীকে আটক করে থানায় নিয়ে যায়।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 






















