খুলনা জেলা কারাগারের অভ্যন্তরে বন্দিদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পলাশ গ্রুপের নেতা পলাশ গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ২৫ জন হাজতিকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে তিনজন—কালা তুহিন, রাব্বি চৌধুরী ও জিতুকে রোববার সকালে পুলিশ পাহারায় ঢাকার কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে স্থানান্তর করা হয়।
কারাগারের জেলার মুনীর হুসাইন জানান, শনিবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি কারা হেডকোয়ার্টারে জানানো হয়েছে এবং ২৫ জনের তালিকা পাঠানো হয়েছে, যা আরও বাড়তে পারে।
গত ১৮ অক্টোবর বিকেলে কারাগারের ভেতরে সন্ত্রাসী রুহান–পলাশ গ্রুপ ও শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। পলাশ গ্রুপের সদস্যরা রাব্বি চৌধুরীকে উদ্দেশ্য করে কটূক্তি করলে রাব্বি, কালা তুহিন, জিতুসহ তাদের অনুসারীরা ক্ষিপ্ত হয়ে পলাশ গ্রুপের ওপর হামলা চালায়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারারক্ষীরা লাঠিচার্জ করলে উভয়পক্ষ মিলে তাদের ওপরও চড়াও হয়।
এ ঘটনায় পলাশ গুরুতর আহত হন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট তিনজনকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।
স্টাফ রিপোর্টার 






















