খুলনা মহানগরী এলাকায় চলাচলরত বহিরাগত ও অনিবন্ধনকৃত ব্যাটারী চালিত ইজিবাইক আটক অভিযান আজ রবিবার থেকে শুরু হয়েছে। নগরীর যানজট নিরসনের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে।
অভিযানের প্রথম দিনে বহিরাগত ও অনিবন্ধনকৃত ৩২টি ইজিবাইক আটক করে জোড়াগেটস্থ ট্রাফিক অফিসে হস্তান্তর করা হয়েছে। নগরবাসীর স্বাচ্ছন্দ্যে চলাচলের সুবিধার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
কেসিসি’র সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম, মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মো: জহিরুল ইসলাম, টিএসআই মো: রেজাউল করিম, কেসিসি’র লাইসেন্স অফিসার শেখ মো: দেলওয়ার হোসেন ও খান হাবিবুর রহমানসহ লাইসেন্স ইন্সপেক্টর এবং কেএমপি’র পুলিশ সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন।
নিজস্ব প্রতিবেদক 






















