নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধার সুন্দরগঞ্জে গলায় কই মাছ আটকে হাফিজার রহমান (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগারী গ্রামে কারেন্ট জালে আটকা মাছ মুখ দিয়ে খুলতে গিয়ে অসাবধানতাবশত গলায় মাছ আটকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে নিজের ডোবা জমিতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরছিলেন হাফিজার রহমান। এ সময় হাত দিয়ে জাল থেকে মাছ ছাড়ানোর চেষ্টা করেন তিনি। হাত দিয়ে না পেরে মুখ দিয়ে মাছ ছাড়ানোর চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত একটি কই মাছ গলার ভেতরে ঢুকে আটকে যায়। এতে তৎক্ষণাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন হাফিজার রহমান। পরে স্বজনরা স্থানীয় পাঁচপীর বাজারে এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফুল মিয়া। তিনি বলেন, হাফিজার রহমান প্রায়ই মাছ ধরতেন। গতকাল সন্ধ্যায় জাল থেকে মুখ দিয়ে কই মাছ খুলতে গিয়ে গলায় আটকে মারা গেছেন। ঘটনাটি খুবই দুঃখজনক।
ফাস্ট নিউজ ৭১/ ১৭ সেপ্টেম্বর ২০২২/ দ ম দ
Reporter Name 























