জ্বালানি সংকট ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে ভারত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ড. খলিলুর রহমান।
তিনি মরিশাসে অনুষ্ঠিত নবম ভারত মহাসাগর সম্মেলনে বক্তব্য রাখেন।
তিনি বলেন, বর্তমান সময়ে দুর্বল ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা জরুরি। জ্বালানি সংকট, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং সরবরাহ ব্যবস্থার পরিবর্তনের কারণে দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানো দরকার। তার মতে, এ পরিস্থিতিতে বহুপাক্ষিক সহযোগিতা চাপে রয়েছে, তাই সম্মিলিত উদ্যোগকে নতুনভাবে গুরুত্ব দিতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী ভারত মহাসাগর অঞ্চলকে ঘিরে একটি ‘শেয়ারড কোঅপারেটিভ ভিশন’ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, এই অঞ্চলকে বিভাজনের নয়, বরং ঐক্য ও টেকসই উন্নয়নের উৎস হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও জানান, বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতায় বিশ্বাসী এবং সার্ক পুনরুজ্জীবনে গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি বিমসটেকের চেয়ারম্যান হিসেবে জনগণের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ।
তিনি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং বিশেষ করে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
বক্তব্যের শেষে তিনি বঙ্গোপসাগর অঞ্চলের চ্যালেঞ্জ তুলে ধরেন। তিনি বলেন, এই অঞ্চল এখনো তুলনামূলকভাবে কম গবেষিত এবং অনেক মানুষ এখনো প্রথাগত মৎস্য আহরণের ওপর নির্ভরশীল। জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও বাড়ছে, তাই এসব সমস্যার কার্যকর সমাধানে বাস্তবভিত্তিক উদ্যোগ নেওয়া জরুরি।
Reporter Name 


















