প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে রাজধানীর বিভিন্ন সড়কের পাশে লাগানো তার ছবিসহ বিলবোর্ড এবং ব্যানার দেখে দ্রুত সরানোর নির্দেশ দিয়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ নির্দেশ দেওয়া হয় বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রেস সচিব বলেন, মঙ্গলবার সকালে গুলশানের বাসভবন থেকে বের হওয়ার সময় হাতিরঝিলের পুলিশ প্লাজার সামনে নিজের ছবি সংবলিত একটি ব্যানার দেখতে পান প্রধানমন্ত্রী। সঙ্গে সঙ্গে সেটি সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং তা তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়।
রুমন আরও জানান, রাজধানীর বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের অভিনন্দন বার্তাসহ বিজ্ঞাপন প্রদর্শন করা হচ্ছিল। এসব বিলবোর্ড দ্রুত সরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকদিন আগে বিজয় সরণি দিয়ে যাওয়ার সময় একটি এলইডি স্ক্রিনে তার ছবি প্রদর্শিত হতে দেখে সেটিও অপসারণের নির্দেশ দিয়েছিলেন তিনি।
মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী। দিনের কর্মসূচির অংশ হিসেবে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক তার সঙ্গে সাক্ষাৎ করেন।
অতিরিক্ত প্রেস সচিব জানান, উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগরে জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার রোধ এবং মৎস্যসম্পদ রক্ষায় নিয়মিত টহল জোরদার ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এছাড়া রাজধানীতে ট্রাফিক সিগন্যাল মেনে চলার ফলে যান চলাচলের গতি বেড়েছে বলে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রাজধানীর যানজট পরিস্থিতি ও যানবাহনের গতির ওপর একটি প্রতিবেদন তুলে ধরা হয়। সেখানে বলা হয়, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিআইপি প্রটোকল ছাড়াই চলাচল করায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
তিনি জানান, আগে রাজধানীতে যানবাহনের গড় গতি ছিল ঘণ্টায় ৪ দশমিক ৫ কিলোমিটার, যা প্রায় হাঁটার গতির সমান। দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী ভিভিআইপি প্রটোকল কমিয়ে ট্রাফিক আইন মেনে চলাচল শুরু করলে গত ১৪ দিনের পরিসংখ্যানে দেখা গেছে, যানবাহনের গড় গতি বেড়ে ৫ দশমিক ৩ কিলোমিটারে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রীর পাশাপাশি রাষ্ট্রপতি ও মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও ট্রাফিক সিগন্যাল অনুসরণ করায় এ পরিবর্তন এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনটি প্রধানমন্ত্রী পর্যালোচনা করেছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।
আহমেদ সাব্বির রোমিও 









