ঢাকার মিরপুরের পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার ঘটনায় দুই ব্যক্তিকে বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, কিবরিয়া হত্যা মামলার কিলিং মিশনে অংশ নেওয়া শুটারদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে র্যাব-৪ এর সদরদপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
নিহত কিবরিয়া পল্লবী থানা যুবদলের সদস্যসচিব ছিলেন। পাশাপাশি তিনি চিকিৎসা সরঞ্জাম কিনে বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রি করতেন।
গত বছরের ১৭ নভেম্বর সন্ধ্যায় মিরপুর ১২ নম্বরের বি ব্লকে ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ নামের একটি দোকানে ঢুকে মুখোশধারী সন্ত্রাসীরা কাছ থেকে গুলি করে তাকে হত্যা করে। পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা অটোরিকশায় ওঠে এবং চালককে গুলি করে আহত করে।
এ ঘটনায় কিবরিয়ার স্ত্রী সাবিহা আক্তার দীনা পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়।
ডেস্ক নিউজ 






















