বিনোদন ডেস্ক
বিয়ের শাড়িতে আবারও সেজেছেন পরীমনি। পালকিতে চড়ে বধূবেশে হাজির হলেন ঢালিউডের আলোচিত নায়িকা। পালকি থেকে নেমে স্বামী অভিনেতা শরিফুল রাজের পাশে এসে বসেন তিনি। কোথায়? ‘গুণিন বাড়ি’তে! তাদের নতুন ছবি ‘গুণিন’-এর মুক্তিকে সামনে রেখে এমন অভিনব প্রচার। বুধবার রাজধানীর একটি বিনোদন কেন্দ্রে এর প্রিমিয়ার শো আয়োজন করা হয়। অনুষ্ঠানের শিরোনাম রাখা হয় ‘গুণিন বাড়ির রমিজ-রাবেয়ার বিয়ে’। ছবিটিতে রমিজ চরিত্রে শরিফুল রাজ ও রাবেয়ার ভূমিকায় দেখা যাবে পরীমনিকে। বর-কনের সাজে রাজ ও পরীমনিকে চমৎকার লেগেছে।
আগামী ১১ মার্চ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’।
হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ থেকে নেওয়া হয়েছে ছবিটির প্রেক্ষাপট। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। বিভিন্ন চরিত্রে আরও আছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ অনেকে।
Reporter Name 

























