জ্বালানি তেল বিপণনে ফিলিং স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল জোরদারের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।
রোববার (৮ মার্চ) পাঠানো ওই চিঠিতে বলা হয়, দেশে জ্বালানি তেল বিপণনকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মজুত পরিস্থিতি নিয়ে নেতিবাচক সংবাদ প্রচার হওয়ায় ভোক্তা ও গ্রাহকদের মধ্যে অতিরিক্ত পরিমাণ জ্বালানি তেল নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এতে ডিলাররা আগের তুলনায় বেশি পরিমাণ জ্বালানি তেল ডিপো থেকে সংগ্রহের চেষ্টা করছেন।
এছাড়া কিছু ভোক্তা প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল ফিলিং স্টেশন থেকে সংগ্রহ করে অননুমোদিতভাবে মজুত করার চেষ্টা করছেন বলেও উল্লেখ করা হয় চিঠিতে।
এ পরিস্থিতিতে ফিলিং স্টেশন থেকে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের সরবরাহ সীমিত করার বিষয়ে বিপিসি থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে ক্রেতা ও কর্মচারীদের মধ্যে অনভিপ্রেত ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে।
এ কারণে দেশের সব ফিলিং স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল জোরদারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে বিপিসি।
ডেস্ক নিউজ 


















