আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই হত্যার হুমকি পাচ্ছেন বলে দাবি করেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি জরুরি ভিত্তিতে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
হিরো আলম জানান, প্রার্থী হওয়ার সিদ্ধান্ত গণমাধ্যমে প্রকাশের পর থেকেই তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে তিনি প্রধান উপদেষ্টার কাছে একজন নিরাপত্তাকর্মী বা গানম্যান চেয়ে আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা প্রয়োজন।
গেল মাসেই জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন হিরো আলম। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করতে আগ্রহী বলে জানান। তবে এ পর্যন্ত চারটি রাজনৈতিক দল থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। দলগুলো হলো গণঅধিকার পরিষদ, আমজনতার দল, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ শ্রমজীবী পার্টি।
হিরো আলম বলেন, তিনি আগে একাধিকবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। এবার রাজনৈতিক দলগুলোর প্রস্তাব গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন, তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে চান না। সময় হলে জানাবেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, কোন দল থেকে নির্বাচন করবেন তা মুখ্য নয়, তার মূল লক্ষ্য জনগণের জন্য কাজ করা এবং মানুষের পাশে থাকা। জানা গেছে, আসন্ন নির্বাচনে ঢাকা ও বগুড়া থেকে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন হিরো আলম।
রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয়তা ও নিয়মিত প্রচারণার কারণে হিরো আলম ইতোমধ্যে আলোচনায় রয়েছেন। দলীয় প্রতীক বা স্বতন্ত্র পরিচয়—যেভাবেই হোক, নির্বাচনে অংশগ্রহণ তার রাজনৈতিক যাত্রায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ব্রেকিং :
প্রার্থী হওয়ায় হত্যার হুমকি, নিরাপত্তার জন্য গানম্যান চান হিরো আলম
-
ডেস্ক নিউজ - Update Time : ০৩:০০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- 167
Tag :
জনপ্রিয়


















