রাজধানীর বনশ্রী এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মধ্যরাতে এ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন সাকিবুর রহমান (৩৪) এবং মোঃ সাইদুল (৩৬)। অভিযান চলাকালে তাদের হেফাজত থেকে একটি পিস্তল, একটি রিভলবার, তিনটি ম্যাগাজিন, ২২১ রাউন্ড বিভিন্ন ধরনের এমুনিশন, ১০টি দেশীয় অস্ত্র, ৫৭৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৭১ গ্রাম কোকেন, ১০৬ গ্রাম হিরোইন, নগদ অর্থ এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতার ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে অপরাধ দমনে জনসাধারণকে সহযোগিতার আহ্বান জানিয়ে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানানোর অনুরোধ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 

























