নিজস্ব প্রতিবেদকঃ
খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা আজিজুল হাসান দুলুর প্রতি নেতাকর্মীরা শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বাদ মাগরিব দলীয় কার্যলয়ের সামনে দলের সকল স্তরের নেতাকর্মীরা প্রিয় নেতার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
বাদ এশা খুলনা শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত নামাজের জানাজায় নেতাকর্মীদের ঢল নামে।
সোমবার বেলা ১১ টা ২৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য নেতাকর্মী ও গুণগ্রাহী রেখে যান।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এসএম শফিকুল আলম মনা জানান, গত ২০ আগস্ট সকালে দুলু অসুস্থতা অনুভব করলে নগরীর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে হৃদরোগের বিষয়টি নিশ্চিত করলে তাৎক্ষণিক তাকে রিং পরানো হয়। এরপর তার অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সোমবার বেলা ১১ টা ২৫ মিনিটে সেখানেই তার মৃত্যু হয়।
সদালাপি বিনয়ী ও মিষ্টভাষী এই নেতার মৃত্যুতে বিএনপি নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দলের এই নেতার মৃত্যুতে ৪ দিনের শোক কর্মসূচি গ্রহণ করেছে খুলনা বিএনপি।
তিনি খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক এবং স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগরীর আহবায়ক ছিলেন।
এদিকে তার কফিন নিয়ে দুপুর আড়াইটায় ঢাকা থেকে রওনা হয়। কফিন খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা গাবতলাস্থ নিজ বাড়িতে পৌছালে বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রিয় এই নেতাকে এক নজর দেখার জন্য ভিড় করেন। সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যে সৃষ্টি হয়। আত্মীয়-স্বজন ও নেতাকর্মীদের আহাজারীতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
দলের এই নেতার মৃত্যুতে খুলনা বিএনপি ৪ দিনের শোক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে আজ সোমবার মাগরিব বাদ দলীয় কার্যালয়ের সামনে আজিজুল হাসান দুলুর কফিনে মহানগর ও জেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, এশা বাদ শহীদ হাদিস পার্কে জানাজা ও টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।
ফার্স্ট নিউজ ৭১/ মতি রহ
Reporter Name 























