ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে বাংলাদেশকে কোনো ধরনের চূড়ান্ত সতর্কবার্তা বা আলটিমেটাম দেওয়া হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের অবস্থানকে ইতিবাচকভাবে দেখছে এবং দলের পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
বিবৃতিতে জানানো হয়, টুর্নামেন্টের নিরাপত্তা সংক্রান্ত পরিকল্পনার অংশ হিসেবে বিসিবির দেওয়া মতামত ও উদ্বেগ আইসিসি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। একই সঙ্গে এসব বিষয়ে সমাধানে বিসিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
সাম্প্রতিক সময়ে কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল, নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের বাইরে ম্যাচ খেলার অনুরোধ প্রত্যাখ্যান করে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে বলে আইসিসি জানিয়ে দিয়েছে। বিসিবি এসব দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে এবং জানিয়েছে, আইসিসির সঙ্গে তাদের যোগাযোগের প্রকৃতির সঙ্গে এসব তথ্যের কোনো মিল নেই।
বিসিবি আরও জানায়, আইসিসি ও সংশ্লিষ্ট ইভেন্ট কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক ও পেশাদার আলোচনার মাধ্যমে একটি বাস্তবসম্মত সমাধানে পৌঁছাতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা, সুরক্ষা ও সার্বিক কল্যাণই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
ডেস্ক নিউজ 



















