ভোটকেন্দ্রে কোনো রাজনৈতিক চাপ বা প্রভাব বরদাশত করা হবে না বলে জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেন, ভোটকেন্দ্রে কেউ অনিয়মের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের কেউ অনিয়মে জড়ালেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে খুলনা জেলা স্টেডিয়ামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনি প্রস্তুতিমূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহাপরিচালক বলেন,
“এবার কোনো রাজনৈতিক প্রভাবের কাছে নতি স্বীকার করা হবে না। আনসার-ভিডিপি সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, নির্বাচন উপলক্ষে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হবে।
মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন,
“কেউ যদি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি বা ভোটের ফল প্রভাবিত করার চেষ্টা করে, তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সমাবেশে জানানো হয়, খুলনা জেলার ৮৪০টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন প্রায় ১১ হাজার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য। এ সময় মহাপরিচালক দায়িত্বপ্রাপ্ত সদস্যদের উদ্দেশে বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, সততা ও শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন,
“আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শুধু নির্বাচন নয়, সমাজের বিভিন্ন ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতে এই বাহিনীকে সমাজভিত্তিক নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।”
সমাবেশে উপস্থিত সদস্যদের উদ্দেশে তিনি নির্দেশনা দিয়ে বলেন, কোনো ধরনের চাপ, প্রলোভন বা ভয়ভীতি উপেক্ষা করে আইন ও বিধি অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।
মহাপরিচালক আশাবাদ ব্যক্ত করে বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও নিষ্ঠার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।
ব্রেকিং :
ভোটকেন্দ্রে কোনো রাজনৈতিক প্রভাব বরদাশত করা হবে না: আনসার মহাপরিচালক
-
খুলনা প্রতিনিধি - Update Time : ১০:৪৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- 72
Tag :
জনপ্রিয়




















