মার্চ মাসে সারা দেশে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় ৫৩২ জন নিহত এবং ২ হাজার ২২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। নিহতদের মধ্যে নারী ৬৬ জন এবং শিশু ৯৮ জন।
একই সময়ে ১৪টি নৌ-দুর্ঘটনায় ১২ জন নিহত, ২৭ জন আহত এবং ৩ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া ৪৮টি রেলপথ দুর্ঘটনায় ৬৭ জন নিহত এবং ২২৪ জন আহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়, যানবাহনভিত্তিক মৃত্যুর মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহী ২০৪ জন, তিন চাকার যানবাহনের যাত্রী ৯৪ জন, প্রাইভেটকার ও মাইক্রোবাসের আরোহী ৪৬ জন, বাস যাত্রী ৪৫ জন, ট্রাক-পিকআপ-ট্রাক্টরের আরোহী ২৮ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী ২৩ জন এবং সাইকেল আরোহী ১৩ জন নিহত হয়েছেন।
প্রতিবেদনে আরও জানানো হয়, মোট ৫৭৬টি সড়ক দুর্ঘটনার মধ্যে ১৭১টি জাতীয় মহাসড়কে, ২৬৪টি আঞ্চলিক সড়কে, ৭০টি গ্রামীণ সড়কে, ৬২টি শহরের সড়কে এবং ৯টি অন্যান্য স্থানে সংঘটিত হয়েছে।
দুর্ঘটনাগুলোর মধ্যে ১৬৬টি মুখোমুখি সংঘর্ষ, ২৩১টি নিয়ন্ত্রণ হারানো, ৮৬টি পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়া, ৮২টি যানবাহনের পেছনে আঘাত এবং ১১টি অন্যান্য কারণে ঘটেছে।
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১২৬টি দুর্ঘটনায় ১৩৭ জন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় ৪৬টি দুর্ঘটনায় ২৮ জন নিহত এবং ৬৯ জন আহত হয়েছেন। অন্যদিকে সিলেট বিভাগে সবচেয়ে কম ২৭টি দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ১১ দশমিক ২৮ শতাংশ বেড়েছে। সংস্থাটি বলছে, অতিরিক্ত গতি, ত্রুটিপূর্ণ যানবাহন, ত্রুটিপূর্ণ সড়ক, চালকদের বেপরোয়া মানসিকতা ও অদক্ষতা দুর্ঘটনার প্রধান কারণ।
ডেস্ক নিউজ 


















