বৃষ্টি উপেক্ষা করে সিলেটে পৌঁছেই হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২ মে) সকাল ১০টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষ করেন তিনি। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট ৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সিলেটে পৌঁছে শাহাজালালের (রহ.) মাজার জিয়ারত করছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর। এখন নগরের চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে পৌঁছেছেন তিনি।
দিনব্যাপী এই সফরে তিনি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনসহ দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।
মাজার জিয়ারতে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট ৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।
সফরসূচি অনুযায়ী, জিয়ারত শেষে বেলা ১১টায় নগরের চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এরপর দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খননকাজের উদ্বোধন করার কথা রয়েছে।
বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়াম-এ ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতার উদ্বোধন করবেন তিনি। বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেওয়ার পর সন্ধ্যা ৭টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।
এদিকে, প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সিলেটজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।
এর আগে, শনিবার (২ মে) সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা থেকে বিমানে রওনা হয়ে সকাল ৯টা ৫৮ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
ডেস্ক নিউজ 











