বিনোদন ডেস্ক
জনপ্রিয় ফোকসংগীত শিল্পী শাহনাজ বেলী বছরজুড়েই দেশ-বিদেশের শো নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু করোনা মহামারীর কারণে শো কমিয়ে দিয়েছেন তিনি। খুব বেছে শো করছেন। পাশাপাশি অংশ নিচ্ছেন চ্যানেলগুলোর অনুষ্ঠানে।
গত কয়েক মাস করোনার প্রকোপ কম ছিল। এ সময়টায় নতুন গান করেছেন। নতুন বছরের প্রত্যাশা বিষয়ে শিল্পী শাহনাজ বেলী বলেন, গত দুটি বছর করোনার কারণে সময়টা একদমই ভালো যায়নি। বিশেষ করে সংগীতশিল্পীরা খুব খারাপ সময় পার করেছেন। পাশাপাশি অনেক মিউজিশিয়ানও মানবেতর জীবনযাপন করেছেন। অনেকেতো কাজ হারিয়ে ঢাকা ছেড়েছেন। পেশা ছেড়েছেন কেউ কেউ। এতটা বাজে সময় আমি আমার জীবনে দেখিনি। নতুন বছরের প্রধান চাওয়া হলো করোনামুক্ত পৃথিবী। এই পৃথিবী থেকে করোনায় লাখ লাখ মানুষ চলে গেছেন। এই মৃত্যু আর দেখতে চাই না। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি এই অবস্থা থেকে যেন আমরা পরিত্রাণ পাই।
নতুন গান সম্পর্কে শাহনাজ বেলী বলেন, নাটকের জন্য লালনের ছয়টি গানে কণ্ঠ দিয়েছি। নাটকটির নাম ‘ওরা’। ওরা হচ্ছে লালন সাঁইজির অনুসারী কিছু মানুষ, আমরা যাদের বাউল ফকির বলি। তাদের নিয়ে অথবা তাদের দিয়ে লালন সাঁইয়ের কিছু মূল প্রতিপাদ্য তুলে ধরা হয়েছে নাটকে। একক গান ছাড়াও দ্বৈত গানও হয়েছে। আমার সঙ্গে কণ্ঠ দিয়েছে খায়রুল ওয়াসী। আশা করছি গানগুলো ভালো লগবে। এছাড়াও রাধারমন ও শাহ আলম সরকারের গান করছি। লালনের আরও কিছু গান হচ্ছে। এগুলো দ্রুতই আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করব।
Reporter Name 

























