মডেলিং ও অভিনয়ের পাশাপাশি সফল নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছেন নাটক ও চলচ্চিত্রের অভিনেত্রী জয়ীতা রহমান। এক যুগের অভিনয়জীবনে দর্শকদের কাছে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী সম্প্রতি নিজের নামে অনলাইনভিত্তিক ফ্যাশন ব্র্যান্ড ‘জয়ীতা ফ্যাশন’ প্রতিষ্ঠা করেছেন।
জয়ীতা রহমান বলেন, “মডেলিং এবং অভিনয়ের পাশাপাশি আমি একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। নারী উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়াই আমার মূল লক্ষ্য।”
প্রাথমিকভাবে নারী ও শিশুদের পোশাক ও অলংকার নিয়ে যাত্রা শুরু করেছে ‘জয়ীতা ফ্যাশন’। ব্র্যান্ডটির পোশাকে নিজস্ব নকশা ও হাতের কাজের বিশেষত্ব থাকছে। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে পণ্য বিক্রি করা হলেও ভবিষ্যতে পণ্যের পরিধি বাড়ানোর পাশাপাশি একটি অফলাইন শোরুম চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
জয়ীতা বলেন, অভিনয় ও ব্যবসা—দুই ক্ষেত্রেই সমান গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে চান তিনি। তার ভাষায়, “বর্তমানে নতুন নতুন পণ্য নিয়ে কাজ চলছে। ব্যবসাটিকে আরও সুসংগঠিত করার পাশাপাশি অভিনয়েও নিয়মিত থাকতে চাই।”
২০১৪ সালে নাটকের মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু করেন জয়ীতা রহমান। অভিনয়ের পাশাপাশি কিছুদিন চাকরি করলেও অভিনয়ে ব্যস্ততা বেড়ে যাওয়ায় সেই পেশা ছেড়ে দেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘যদি হতো’, ‘ছায়া বিবি’, ‘রোজাদার’, ‘তৃতীয় অঙ্ক’, ‘টিকটক গার্লফ্রেন্ড’, ‘মধ্যবিত্তের বারান্দা’ এবং ‘মনচোরা’। এছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘উদীয়মান সূর্য’-এ অভিনয় করেছেন তিনি। পাশাপাশি বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্র ও টেলিভিশন ফিলারেও কাজ করেছেন এই অভিনেত্রী।
আহমেদ সাব্বির রোমিও 























